মুশফিক-মিরাজসহ শেখ জামালের শিরোপা মিশন

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৮:৩০

শিরোপা খরা কাটানোর লক্ষ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শক্তিশালী দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সুপার লিগের চৌকাঠেই পা রাখতে পারেনি ক্লাবটি। রাউন্ড রবীন লিগ থেকেই বিদায় নিয়েছে সাদা-কালো শিবির। যার ফলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে প্রিমিয়ার লিগ খেলার সুযোগই পেলেন না মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ। কারণ, দু'জনই ছিলেন মোহামেডান শিবিরে।

ক্লাব বাদ পড়ে গেলেও প্রিমিয়ার লিগে খেলার সুযোগটা পাচ্ছেন তারা। মোহামেডানের হয়ে কোনো ম্যাচ না খেলায় দু'জনই এখন ফ্রি প্লেয়ার। মোহামেডান আপত্তি না করলে তারা অন্য ক্লাবে খেলতে পারবেন। এই সুযোগেই দু'জন পাড়ি জমিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। সুপার লিগে শেখ জামালের জার্সিতেই দেখা যাবে তাদেরকে।

গতকাল এ সম্পর্কে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রিমিয়ার লিগের সমন্বয়ক আমিন খান বলেছেন, ‘তারা এখন ফ্রি প্লেয়ার। মোহামেডান ছেড়ে দিলে তারা খেলতে পারবে।’

শুধু মুশফিক-মিরাজ নন, এবার মোহামেডানে নাম লেখানো সাকিব, তাসকিনও প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে পারেননি। তবে শেখ জামালের হয়ে মাঠে নামার আগে মুশফিক-মিরাজকে ফেরত দিতে হবে মোহামেডান থেকে নেওয়া অগ্রিম পারিশ্রমিকটা।

জাতীয় দলের দুই ক্রিকেটারকে নিয়েই সুপার লিগে শিরোপার মিশন শুরু করতে চায় শেখ জামাল। ট্রফি জিততে আত্মবিশ্বাসী অধিনায়ক ইমরুল কায়েস। রাউন্ড রবীন লিগে ১০ ম্যাচ ৯টি জয় নিয়ে শীর্ষে আছে শেখ জামাল। সুপার লিগে ৫ ম্যাচের তিনটি জিতলেই চ্যাম্পিয়ন হবে দলটি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল আবাহনীর সঙ্গে তাদের ব্যবধান ৪ পয়েন্ট।

শিরোপায় চোখ রেখেই সুপার লিগে নামবে শেখ জামাল। গতকাল অধিনায়ক ইমরুল বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করব। দলে আরও দুজন ক্রিকেটার এসেছে।’

অভিজ্ঞদের ওপর ভর করেই এখন প্রিমিয়ার লিগের শীর্ষ দল শেখ জামাল। ইমরুল বলেন, ‘আমরা পরিকল্পনা করেই দল গড়েছিলাম। দুজন জাতীয় দলের খেলোয়াড় ছিল সোহান ও এবাদত। সোহান দুই ম্যাচ খেলে চলে গেছে, এবাদত ছিল না। আমরা অভিজ্ঞতার দিকে তাকিয়ে দল বানিয়েছি। যারা প্রিমিয়ার লিগে অন্তত সাত-আট বছর ধরে খেলছে। পরিস্হিতি বুঝে, চাপটা নিতে পারে। অভিজ্ঞদের গুরুত্ব দিয়েছি।’

জাতীয় দলের ক্রিকেটাররা ফেরায় সুপার লিগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট আশা করছেন ইমরুল। তবে দলীয় প্রচেষ্টা অব্যাহত থাকলে এবার শেখ জামালের ট্রফি জয়ের ভালো সম্ভাবনা দেখছেন তিনি।

এদিকে সিসিডিএম জানিয়েছে, আগামীকাল থেকে শুরু হবে সুপার লিগ। বিকেএসপির দুটি মাঠ ও মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ২৮ এপ্রিল শেষ হবে সুপার লিগ। আগামীকাল শুরু হয়ে রেলিগেশন লিগ শেষ হবে ২৪ এপ্রিল। রেলিগেশনের সবগুলো ম্যাচই হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।

ইত্তেফাক/টিএ