পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশ নয়-আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
রবিবার (১৭ এপ্রিল) দুপুরে শরীয়তপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভার্চুয়ারি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালবাসার জন্য অন্তর থেকে কাজ করতেন ও ভালবাসতেন ঠিক সেরকমভাবেই প্রত্যেককে মন দিয়ে দেশকে ভালবেসে কাজ করতে হবে। তবেই কেবল দেশের উন্নতি করা সম্ভব। জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে নিয়ে ভাবেন। ‘গ্রাম হবে শহর’ এই চিন্তা নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যেদিকে তাকাই সেদিকে উন্নয়নের ছোঁয়া। এটা মমতাময়ী মা শেখ হাসিনার অবদান। উন্নয়নের কাতারে দেশ পৌঁছে গেছে। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ।
এনামুল হক শামীম বলেন, আমরা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিয়ে শরীয়তপুরকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম উন্নত সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে কাজ করে চলছি। শরীয়তপুরের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সকল উন্নয়ন করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে এখন আর শরীয়তপুরে নদীভাঙন নেই।
উপমন্ত্রী বলেন, এবছরই পদ্মাসেতুতে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। মেঘনা সেতু নির্মাণেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টারপ্ল্যান প্রণয়নে ৬টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। তারা কাজ করছে। শরীয়তপুরে ফোর লেনের কাজও এগিয়ে চলছে। শরীয়তপুরে রেল লাইন হচ্ছে। আগামী ২০২৩ সালের মধ্যে শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদৌলতে এসব সম্ভব হচ্ছে। তাই আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবে।
এসময় শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ। এসময় জেলা-উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষকের উন্নয়নে সকল কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ উপমন্ত্রী
বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই: পানিসম্পদ উপমন্ত্রী
হাওরের ফসল ও মানুষ বাঁচাতে স্থায়ী ব্যবস্থা হচ্ছে: পানিসম্পদ উপমন্ত্রী