ফরিদপুরে তরমুজের গাছ হলেও ফল আসেনি

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:১২

মৌসুমী ফল তরমুজের চাষ করে বিপাকে পড়েছেন ফরিদপুরের চাষিরা। বীজ থেকে গাছ হলেও কোনো ফল আসেনি। এতে আবাদের পুরো অর্থই লোকসান হয়েছে তাদের। চাষিদের অভিযোগ, নষ্ট বীজের কারণেই তাদের এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে।  

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চাষি মো. তুহিন বলেন, শখ করে তিন একর জমিতে তরমুজের আবাদ করেছিলাম। তরমুজ গাছ হলেও কোনো ফল আসেনি তার জমিতে। এখন দেনা শোধ করব কীভাবে সেই চিন্তায় আছি। একই এলাকার চাষি কামাল মোল্যা, শহীদ মোল্যা, মোশাররফ মোল্যাসহ অন্যান্য তরমুজ চাষিরও একই অবস্থা। 

তারা জানান, প্রতি বিঘা তরমুজ চাষ করতে তাদের খরচ হয়েছে ৫০ হাজার টাকা। এই টাকা ধার করে তারা তরমুজ আবাদ করেছেন। কিন্তু এখন দেনা শোধ তো দূরে থাক, পরবর্তী ফসল আবাদের জন্য কোনো টাকাই তাদের হাতে নেই। 

দত্ত বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী তাপস কুমার দত্ত জানান, কোম্পানি যেভাবে প্যাকেট করে পাঠিয়েছে আমরা সেভাবে বিক্রি করেছি। আমরা ঘটনাটি কোম্পানিকে জানিয়েছি।  

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হযরত আলী জানান, খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের কীভাবে সাহায্য করা যায় তা দেখব। 

ইত্তেফাক/এআই