সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৯:৩৪

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসষ্ট্যান্ডের অদূরে ও আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে আরও দুই জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, সকালে একটি মাইক্রোবাস ঢাকা-আরিচা মহাসড়কে উল্টোপথে নবীনগরের দিকে যাচ্ছিল। সেটি সাভারের থানা বাসষ্ট্যান্ডের অদূরে পৌঁছলে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে চাপ দেয়। এসময় মাইক্রোবাসটি ডানপাশের আইল্যান্ড ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়লে যাত্রী মেহেদী হাসান পারভেজ নিহত হন। এ সময় আরও দুজন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মেহেদী হাসান পারভেজ (৩৮) সাভারের রাজাশন এলাকার বাসিন্দা। সে ‘ওয়াইপি আশুলিয়া লিমিটেড’ নামক একটি ক্যাপ তৈরির কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

অন্যদিকে জামগড়া এলাকায় কাভার্ড ভ্যানের নীচে চাপা পড়ে নিহত রাসেল শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী পোশাক শ্রমিক মারা গেছে। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার রাইজকান্দী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। নিহত রাসেল আশুলিয়ার বাগবাড়ি এলাকায় থেকে ধামরাইয়ের ‘গ্লোরিয়াস ড্রেসেস লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় লাইনম্যান হিসেবে কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, সকালে রাসেল শেখ মোটরসাইকেল করে তার কর্মস্থল ধামরাইয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যান চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/এমএএম