যুদ্ধ বন্ধ করতে পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ছাড়বে না ইউক্রেন: জেলেনস্কি

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৬:০৭

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের জন্য তিনি দেশের পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের অধিকার ত্যাগ করবেন না। সাক্ষাৎকারটি রবিবার (১৭ এপ্রিল) প্রকাশিত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টকে সিএনএন’র সাংবাদিক জ্যাক ট্যাপার জিজ্ঞেস করেছিলেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার পক্ষে যেসব মানুষ বলছেন তাদের কী জবাব দেবেন।

জবাবে তিনি বলেন, ইউক্রেনের শত বছর পুরনো ইতিহাসে ইউক্রেন হয় কিছু ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে অথবা কিছু ভূখণ্ড ত্যাগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইউক্রেন ও আমাদের দেশের জনগণ একেবারে স্পষ্ট: আমরা অপর কারও ভূখণ্ড চাই না এবং আমাদের নিজেদের ভূখণ্ড কাউকে দেব না।

জেলেনস্কি আরও বলেন, আমরা নিজেদের ভূখণ্ড ত্যাগ করতে পারি না। কিন্তু আমাদের অবশ্যই রাশিয়ার সঙ্গে কিছু সংলাপ চালাতে হবে যদি তারা সক্ষম হয়। আমরা এখনও প্রস্তুত। কিন্তু দিন দিন এই সুযোগও কমে আসছে।

তিনি, বুচা, বরোদিয়াঙ্কা ও মারিউপোল শহরে যা ঘটেছে তার পর রাশিয়ার সঙ্গে সমঝোতার পক্ষে থাকবেন না ইউক্রেনের অনেক মানুষ।

সম্প্রতি কিয়েভের লড়াইয়ে নিজেদের জয়ী ঘোষণা করেছে ইউক্রেন। বিষয়টি উল্লেখ করে ট্যাপার জানতে চান জেলেনস্কি কি বিশ্বাস করেন পূর্বাঞ্চলেও তারা জয়ী হবেন।

জবাবে জেলেনস্কি বলেন, আমাদের জন্য ডনবাসের লড়াই খুব গুরুত্বপূর্ণ। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

ইত্তেফাক/টিআর