ব্রিটেনের প্রিন্স হ্যারি বলেছেন, পুরো বিশ্ব এখন ইউক্রেনের পাশে থাকতে ঐক্যবদ্ধ অবস্থানে আছে। নেদারল্যান্ডসে ইনভিকটাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গেমসে অংশ নেওয়া ইউক্রেন খেলোয়াড়দের উদ্দেশে ডিউক অব সাসেক্স বলেন, আপনারা জানেন, আপনার সঙ্গে আছি। বিশ্ব আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধ এবং এখনো আপনারা আরো বেশি প্রাপ্য।
ইনভিকটাস গেমসে অংশ নিতে ইউক্রেনীয় দলটিকে বিশেষ অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধে আহত সামরিক প্রবীণরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। গেমসে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলও ইউক্রেনীয় দলের উপস্হিতির কথা বলেন। তিনি বলেন, প্রতিটি প্রতিযোগী নেদারল্যান্ডসে যেতে শারীরিক এবং মানসিক উভয়দিক থেকেই অনেক বেশি সময় নিয়েছে, যেটি অন্তত ইউক্রেন দলের জন্য নয়, যার সঙ্গে আমরা সবাই দাঁড়িয়ে আছি।
ব্রিটেনের রাজকীয় জীবন ছেড়ে উত্তর আমেরিকায় পাড়ি জমানোর দুই বছর পর এই প্রথম ইউরোপে জনসম্মুখে একসঙ্গে দেখা গেল প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে।
জানা গেছে, আফগান যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য হ্যারি সামরিক বাহিনীর পঙ্গুত্ববরণ করা সদস্যদের জন্যই এই গেমস চালু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান বক্তব্য রাখেন। এ সময় মঞ্চে তাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা দর্শকদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানের একপর্যায়ে এ দম্পতি একে অপরকে চুম্বন করতেও দেখা গেছে। মেগান তার বক্তব্যে প্রিন্স হ্যারির সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
প্রিন্স ও মেগান অনুষ্ঠানস্থলে আসার আগমুহূর্তে সেখানে পৌঁছায় ইউক্রেনীয় টিম। ব্যাপক করতালি দিয়ে তাদের স্বাগত জানানো হয়। গেমসে অংশ নিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ১৯ জনের একটি টিম নেদারল্যান্ডস পৌঁছায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইনভিকটাস গেমসের এবারের পর্বে ২০টি দেশ থেকে ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। ২২ এপ্রিল শেষ হবে এবারের আসর।
