প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার রাতে মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। তিনি চার দিনের সরকারি সফরে বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন এবং এরপর সাফা ও মারওয়ায় মধ্যে সাঈ করে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় শেখ হাসিনা দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীও ওমরাহ পালন করেন। ত্রিদেশীয় সফরের প্রথমে জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহর আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১ মে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে ১ জুন মক্কায় ওআইসির ১৪তম সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন।
নবিজির রওজা জিয়ারত
শেখ হাসিনা রবিবার বাদ জোহর মসজিদে নববিতে মহানবি হযরত মুহাম্মদ (সা) এর রওজা জিয়ারত করেন। তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। মদিনার ডেপুটি গভর্নর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অর্ভথনা জানান।
শেখ হাসিনা জাপানে চার দিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ-এর আমন্ত্রণে গত ৩১ মে ইসলামি সহযোগিতা সংস্থার ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান। সৌদি আরবে চার দিনের সফর শেষে আজ সোমবার শেখ হাসিনা ফনল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবেন।
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফিরবেন।
