ব্যাট হাতেই অনন্য এক কীর্তি করে ফেললেন সাকিব আল হাসান। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ফিফটি করে ফেললেন। এরপর বল হাতে যখন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট তুলে নিলেন, ওয়ানডে ক্রিকেট ইতিহাসের এক জায়গায় সেরা হয়ে গেলেন। তিনি ওয়ানডেতে ৫ হাজার রান করা ও ২৫০ উইকেট শিকার করা দ্রুততম অলরাউন্ডার। টানা তিনটি বিশ্বকাপে শীর্ষ অলরাউন্ডার হিসেবে খেলতে নেমেছেন সাকিব আল হাসান। গতকাল ছিল এই বাঁহাতি অলরাউন্ডারের সামনেও আরো একটি নতুন রেকর্ডে নাম লেখানোর হাতছানি। তার অপেক্ষা ছিল একটি উইকেট শিকারের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি উইকেট নিয়েই ওয়ানডেতে সাকিবের উইকেট সংখ্যা হয়ে গেছে ২৫০। তাতেই বিশ্বরেকর্ডে নাম উঠেছে তার। ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান ও ২৫০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয়।
ওয়ানডেতে ৫ হাজার রান আগেই পূর্ণ করেছেন সাকিব। তার ঝুলিতে আছে এখন ৫ হাজার ৭৯২ রান। আর উইকেট ২৫০টি। একটি উইকেট নিয়ে সাকিব পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাককে টপকে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান করা এবং ২৫০ উইকেট নেওয়ার কীর্তিটা নিজের করে নিয়েছেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৬৪ উইকেটের মালিক মাশরাফি বিন মুর্তজা।
সাকিব খেলেছেন এখন পর্যন্ত ১৯৯ ওয়ানডে। এই রেকর্ড গড়তে রাজ্জাকের লেগেছিল ২৫৯ ম্যাচ। এর আগে ৫ হাজার রান ও ২৫০ উইকেটের বিরল কীর্তি আছে চার অলরাউন্ডারের। তারা হলেন রাজ্জাক, শহীদ আফ্রিদি, জ্যাক ক্যালিস ও সনাথ জয়াসুরিয়া। তাদের মধ্যে সবচেয়ে দ্রুততম এই রেকর্ড গড়েছিলেন রাজ্জাক।
