চরফ্যাশনে ইউপি সদস্যের বাড়ি থেকে ৪২ বস্তা সরকারি চাল উদ্ধার

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:৪০

চরফ্যাশন উপজেলার চরকলমী ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল ফরাজির বসত ঘর থেকে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-ভিজিডি কর্মসূচির ৪২ বস্তা (১২শ ৬৮ কেজি) চাল গতকাল রবিবার উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় ভিজিডির চালের ৯০টি এবং ভিজিএফ চালের ৩০টি খালি বস্তাও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চাল এবং বস্তা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্য আব্দুল জলিল ফরাজিকে আসামি করে প্রতারণা এবং সরকারি চাল আত্মসাতের অভিযোগে গতকালই শশীভূষণ থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, চাল উদ্ধারের সময় ইউপি সদস্য আব্দুল জলিল ফরাজিকে বাড়িতে পাওয়া যায়নি। ইউপি সদস্য আব্দুল জলিল ফরাজি গা ঢাকা দেওয়ায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ সম্পর্কে তার বক্তব্য জানা যায়নি। শশীভূষণ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারে পুলিশি তত্পরতা অব্যাহত আছে।