তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার মোজাফরপুর মোড়লপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রোকন মিয়া (৪৫), রোকেল মিয়া (৩০), আব্দুল কাইয়ুম (১৯), সাকিল মিয়া (২২), এমরান মিয়া (৩০), আব্দুল গণি (৬০), সুরুজ মিয়া (৬২), সুলতান মিয়া (৩০), আব্দুর রশিদ (৫৫), ইসলাম উদ্দিন (৩৬), মোকাররম মিয়া (২৫) ও আবু সাত্তারকে (৪০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সালেক ও খোকন মিয়ার পক্ষের লোকজনের কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
