প্রতিদ্বন্দ্বী থেকে অপু-নিথর এবার দুই ভাই!

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২১:৪৩

অভিনয়শিল্পী সংঘের গত নির্বাচনে অনুষ্ঠান সম্পাদক পদের দুই প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু এবং সাংবাদিক ও মূকাভিনেতা নিথর মাহবুবকে দুই ভাইয়ের চরিত্রে একই ফ্রেমে বন্দি করেছেন নাট্যকার রাজীব মণি দাস।

আসছে ঈদে বাংলা টিভির জন্য নির্মিত ৭ পর্বের ‘বিয়াই সাব’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের।

এ প্রসঙ্গে নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘ঈদের নাটকে চমক থাকা চাই, এই নাটকেও নানা ধরনের চমক আছে তার মধ্যে একটি চমক হল অভিনয় শিল্পী সংঘের গত নির্বাচনে একই পদের দুই প্রতিদ্বন্দ্বীকে একই নাটকে একই ফ্রেমে দুই ভাইয়ের চরিত্রে বন্দি করা। দর্শকদের নতুন কিছু দেওয়ার চিন্তা থেকেই তাদের এক করা। নাটকে নিথর মাহবুবকে বড় আর রাশেদ মামুন অপুকে ছোট ভাইয়ের চরিত্রে দেখা যাবে। নাটকটিতে একদিকে যেমন হাসি-ঠাট্টা রয়েছে, অন্যদিকে সামাজিক ম্যাসেজও রয়েছে। আশা করছি, নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হবে।’

নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন মীর সাখাওয়াত ও জাদু ফরিদ। আসছে ঈদে বাংলা টিভির ঈদ আয়োজনে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন রাজীব মণি দাস।

ইত্তেফাক/বিএএফ