দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে টেস্ট সিরিজটা ভালো কাটেনি লিটন দাসের। তবে গত এক বছর ধরে তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে রান করছেন ডানহাতি এই ব্যাটার। ঘরের মাঠে খেলা, তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও বাংলাদেশ দল ভালো কিছু করবে বলেই আশাবাদী তিনি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিখ্যাত ক্রিকেট সামগ্রী প্রস্ত্ততকারক এসজির শাখা উদ্বোধনের অনুষ্ঠানে এই উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা হবে, তাই আমরা আশা করতেই পারি, আমরা ভালো কিছু করবো। যেহেতু এশিয়ার দল, আমরা অনেক দিন থেকেই তাদের সঙ্গে ভালো খেলছি। আশা করা যায় আমরা ভালো ফল করবো।’
বাংলাদেশে সাকিব, লিটন, মুমিনুলরা এসজি ব্যাট দিয়ে খেলে থাকেন। ভারতের কিংবদন্তী সুনীল গাভাস্কারও এসজি ব্যাট ব্যবহার করতেন।
এসজি ব্যাটই আপনার সাফল্যের রহস্য কি না, জানতে চাইলে লিটন বলেন, ‘এসজি কেন হবে! আমার সাফল্যের রহস্য আমি নিজেই।’
এসজির বাংলাদেশের এই শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এখানে সবার জন্য ক্রিকেটের প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। বিভিন্ন মূল্যের ব্যাট, গ্লাভস, প্যাড, বল, হেলমেটসহ সামগ্রিক সবকিছু পাওয়া যাবে।
