বরিশালে ২ গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১:২৪
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে ইছাপুরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় তিন ভাইয়ের মধ্যে একজন নিহত অপর দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
 
মঙ্গলবার (১৯ এপ্রিল) দিব‌াগত  রাত ১২টার দিকে মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুন এবং রনি মোল্লার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রনি মোল্লা ও তার দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর রাত সাড়ে ৩টার দিকে রনিকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। অপর দুই ভাই শহিদুল ইসলাম সোহেল ও তরিকুল ইসলাম তৌকিরের চিকিৎসা চলছে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রনির লোকজনকে মামুন মেম্বারের লোকজন‌কে কু‌পি‌য়ে জখম করে। ওই ঘটনার জেরে রনির লোকজন মামুন মেম্বার ও তার লোকদের ওপর হামলা চালায়। এসময় মামুনের বাহিনী রনিসহ তার তিনভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। 
 
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে ইতিমেধ্যে কাজও শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসজেড