দ্রব্য ডটকমের ভিন্নধর্মী বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:৪৭

গত ১৪ এপ্রিল ছিল ই-কমার্স প্রতিষ্ঠান দ্রব্য ডট কমের প্রথম বর্ষপূর্তি। গত বছর বাংলা নববর্ষের দিনে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্ষপূর্তি উপলক্ষে দ্রব্য ডট কমের পক্ষ থেকে ছিল এক ভিন্নধর্মী আয়োজন।

তবে এই আয়োজনের মধ্যেই পরিলক্ষিত হয়েছে কিছু ভিন্নতা। সচরাচর কোনও প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উদযাপনে যেমন মহাসমারোহে অনুষ্ঠান করা হয়, দেশের বিভিন্ন স্থানে বিলবোর্ড, ব্যানার দিয়ে ছেয়ে ফেলা হয়, তেমন কোনও উদযাপন ছিল না দ্রব্যের এই আয়োজনে। বরং মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের অন্যান্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে আহসান গ্রুপ লিমিটেডের এই অঙ্গপ্রতিষ্ঠানটি।

দ্রব্যের এই আয়োজনে অংশীদার ছিল অলাভজনক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। করোনাকালীন সময়ে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করার কার্যক্রমে ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় আসা প্রতিষ্ঠানটি চলতি রমজানে সুবিধাবঞ্চিতদের ইফতার বিতরণের কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে দ্রব্য ডট কমের পৃষ্ঠপোষকতার সর্বমোট ২৫০০ সুবিধাবঞ্চিত পরিবারকে ইফতার বক্স প্রদান করে মাস্তুল ফাউন্ডেশন। বর্ষপূর্তিতে দ্রব্য ডট কমের ভিন্নধর্মী এ আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

দ্রব্য ডট কমের ব্যবস্থাপনা পরিচালক বাতিয়া আহসান বলেন, ‘দ্রব্য ডট কম সবসময় সেবার মান এবং গ্রাহকদের সন্তুষ্টির উপর সর্বোচ্চ জোর দিয়ে আসছে। আমাদের লক্ষ্য গ্রাহকদের অনলাইন শপিংয়ের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সর্বসাধারণের বিভিন্ন সমস্যার সমাধান করা। মাহে রমজানে সুবিধাবঞ্চিতদের মাঝে পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য।’

উল্লেখ্য, দ্রব্য ডট কম অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে থাকে। যার মধ্যে রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস, কনজিউমার ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট, ফ্যাশন, আনুষঙ্গিক, মুদিসহ প্রয়োজনীয় সব কিছু।

ইত্তেফাক/এমআর