রাঙ্গামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিক নিহত

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:৪৮

রাঙ্গামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিক নিহত ও অপর দুজন আহত হয়েছেন। গতকাল রবিবার মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেন্টু মিয়া (৪০), আঙ্গুর আলী (৬৫) ও ইয়াকুব আলী পাপ্পু (৪০)। আহত সবুজ মিয়া ও সাইফুল ইসলাম রাঙ্গামাটি হাসপাতালে চিকিত্সাধীন।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় পৌর কমিশনার আব্দুল করিম জানান, মহিলা কলেজ এলাকায় স্কুল শিক্ষিকা পারভিন আক্তারের ভবন নির্মাণের ভীত তৈরির জন্য গর্ত খুঁড়ছিলেন শ্রমিকরা। গর্ত খোঁড়ার কাজে ১১ জন শ্রমিক নিযুক্ত ছিলেন। এ সময় তাদের ওপর মাটি ধসে পড়ে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে মাটি খুুঁড়ে তিনজনের মৃতদেহ ও   আহত দুজনকে উদ্ধার করে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি জাহিদুল হক রনি জানান, নির্মাণাধীন ভবনের ভীত তৈরি করার কাজে নিযুক্ত শ্রমিকদের ওপর মাটি ধসে পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু ও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজের সঙ্গে জড়িত বাড়ির মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করার নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ অক্টোবর রাঙ্গামাটিতে মহিলা কলেজ এলাকায়  দ্বিতল ভবনে ধসের ঘটনায় ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।