নান্দাইলে বজ্রপাতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২ জনের মৃত্যু 

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২১:০৮

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে একটি আতশবাজির কারখানা বিস্ফোরণের ঘটনায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল)  ভোরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের জনৈক বোরহান উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, আব্দুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫) ও আবুলের স্ত্রী নাসিমা বেগম (৩০)। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, অনেক দিন ধরে ওই বাড়িতে অবৈধ আতশবাজি গোপনে বানানো হচ্ছিলো। বুধবার ভোরে বৃষ্টি ও বজ্রপাতে আতশবাজির কারখানা বিস্ফোরণে বাড়ির দেয়ালের ইট খসে পড়ে গেছে। উড়ে গেছে ঘরের টিনের চাল। নিহত দুই নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে পড়েছে। ঘটনাস্থল গিয়ে বাড়ির কাউকে পাওয়া যায়নি।  বিস্ফোরণের পরপরই বাড়ির লোকজন অন্যত্র পালিয়ে গেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা খতিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি