খুলনায় পাওনা টাকা চাওয়ার জের ধরে ছুরিকাঘাতে হৃদয় শেখ (১৯) নামে এক যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রূপসা উপজেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন।
আহতরা হলেন বাগমারা গ্রামের মৃত আবুল কালাম সরদারের ছেলে মিঠু (২২) ও বাগমারা আদর্শ গলির ফল ব্যবসায়ী আফসার শেখের ছেলে নাজমুল শেখ (২২)। আহত মিঠু খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও নাজমুল রূপসার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের পর ওসি জানান, হৃদয় শেখ ও মিঠু খালাতো ভাই। পাশাপাশি রয়েছে তাদের মুদি দোকান। মিঠুর দোকান থেকে অন্তর নামে ওই এলাকার অপর এক যুবক বাকিতে মালামাল ক্রয় করে। বুধবার দুপুরের দিকে হৃদয় ও অন্তর মিঠুর দোকানে আসে। এসময় দোকানদার মিঠু অন্তরের কাছে পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওই দুই যুবক মিঠুকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
ইফতারির কিছুক্ষণ পরে হৃদয় ও অন্তরসহ কয়েকজন যুবক মিঠুর দোকানে আসে। তাকে দোকান থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় পাশের দোকান থেকে মিঠুর খালাতো ভাই হৃদয় শেখ বের হয়ে ঠেকাতে গেলে গুপ্তি ও ছুরি দিয়ে তারও বুকে আঘাত করে। এ সময় মিঠু ও নাজমুল শেখ গুরুতর আহত হয়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ওই যুবকরা পালিয়ে যায়। এ ঘটনার পর হৃদয় শেখের পরিবারের লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত বলে বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত উক্ত ঘটনায় কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।
