ঈদকে সামনে রেখে নতুন নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুলবাড়ীর দর্জিপাড়ার কারিগররা। রোজার শুরুতেই অর্ডার নেওয়া শেষ পর্যায়ে বলে জানিয়েছেন টেইলার্সগুলোর কর্ণধাররা।
ফুলবাড়ী পৌর শহরসহ ইউনিয়ন পর্যায়ের গ্রামগঞ্জের হাটবাজারের দর্জি দোকানগুলো ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রতিটি দোকানেই সেলাই কাজের প্রচুর অর্ডার পাচ্ছেন কারিগররা। প্রত্যেক কারিগর দিনে তৈরি করছে প্রকারভেদে চার থেকে ছয়টি অর্ডার করা পোশাক।
কারিগর নূর আলম, উষা রানী ও পিংকি রায় জানান, করোনার কারণে দীর্ঘদিন কাজকাম বন্ধ থাকার পর এবার একটু কাজের চাপ বেশি। দিন যতই যাচ্ছে, ক্রেতাদের ভিড় বাড়ছে। তবে এ বছর প্রতিটি পোশাক তৈরির মজুরি বাড়িয়ে দিয়েছেন টেইলার্স মালিকরা। ফলে কাজের আগ্রহও বেড়ে গেছে কারিগরদের।
ফুলবাড়ী পৌর শহরের বাজার এলাকার আনন্দ টেইলার্সের স্বত্বাধিকারী আনন্দ চন্দ্র সরকার, ডায়মন্ড টেইলার্সের মালিক শোয়েব সুলতান সপ্পু, গুডফিড টেইলার্সের মালিক শহিদুল ইসলাম এবং বস টেইলার্সের মালিক ও কাটিং মাস্টার মাজেদুর রহমান বলেন, দীর্ঘদিন পর হলেও এ বছর প্রচুর কাজ পাচ্ছি। কাজের চাপে তাদের দম ফেলানোর সময় মিলছে না। এগুলো সেলাই করতে অনেক সময়ের প্রয়োজন, তাই নতুন করে অর্ডার নেওয়া হয়তো দুই-এক দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে।
