বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) রাজধানীর আগাঁরগাওস্থ পর্যটন ভবনে ‘Bridging of Early Warning and Early Action Decision Making’ শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় 'আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায় আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট-এ)' প্রকল্পের আওতায় এতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম।
প্রতিরক্ষা সচিব বলেন, আবহাওয়ার পূর্বাভাস জানাবার প্রক্রিয়াকে আরও যুগোপযোগী ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের পাশাপাশি সহজে তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলে মানুষ এর সুফল পাবে। এছাড়া অধিদফতরটি ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেমিনারে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভূঁইয়া 'Bridging of Early Warning and Early Action Decision Dissemination Support System'-এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়া আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান 'Weather Forecast Warning and Dissemination system of BMD' বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এসময় আবহাওয়া অধিদফতরের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন প্রস্তাব ও সুপারিশমালা উত্থাপন করা হয়।
