আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ৮টার তথ্য অনুযায়ী, ৬০ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।
আইকিউএয়ার ঢাকার বাতাসের মানকে ‘সহনীয়’ বা ‘মাঝারি’ হিসেবে চিহ্নিত করেছে।
তালিকায় ২১৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে দেখানো হয়েছে। ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা।
১৭৫ স্কোর নিয়ে তৃতীয় মালয়েশিয়ার কুচিং, ১৭২ স্কোর নিয়ে চতুর্থ ভারতের রাজধানী দিল্লি এবং ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
এ ছাড়া ১৬০ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা ষষ্ঠ, ১৩১ স্কোর নিয়ে আজারবাইজানের বাকু সপ্তম, ১২০ স্কোর নিয়ে দুবাই অষ্টম, ১১৯ স্কোর নিয়ে সেনেগালের ডাকার নবম এবং ১১৭ স্কোর নিয়ে চীনের রাজধানী বেইজিং দশম অবস্থানে রয়েছে।
একিউআই সূচকে সাধারণত ৫০ পর্যন্ত স্কোরকে ভালো এবং ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে ৬০ একিউআই স্কোরের ঢাকার বাতাস বর্তমানে মাঝারি মানের মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ের তুলনায় এ অবস্থান নগরবাসীর জন্য তুলনামূলক স্বস্তির।

