হাজীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৮:৪২

চাঁদপুরের হাজীগঞ্জে হাত পা ও মুখ বেঁধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার (২০ এপ্রিল) পুলিশ সোহেল নামে ১জনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার এসআই প্রভাকার। 

আটক সোহেল উপজেলার ৩ নং  কালচোঁ উত্তর ইউনিয়নের নওহাটা চকিদার বাড়ীর জিতু মিয়ার ছেলে। সে সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছে।

এসআই প্রভাকার জানান, উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের নওহাটা গ্রামের স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১৩) মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী বাড়ীতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে চকিদার বাড়ীর সোহেল ও অজ্ঞাত আরও ১জনসহ ওই শিক্ষার্থীকে পেছন থেকে মুখ চেপে ধরে হাত-পা ও মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয় লোকজনদের আনা-গোনা দেখে সোহেল ও তার সঙ্গী পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে ওই শিক্ষার্থী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসআই প্রভাকার বলেন, এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।  মামলার প্রেক্ষিতে গতকাল বুধবার ১ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত কিশোরী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইত্তেফাক/ইআ