চুক্তিহীন ব্রেক্সিটের জন্য প্রস্তুত হোন

আপডেট : ০৩ জুন ২০১৯, ০০:৪৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনকে উদ্দেশ্য করে বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিটের জন্য প্রস্তুত হোন। প্রধানমন্ত্রী থেরেসা মে সরকারের ব্রেক্সিট সমঝোতা নিয়ে সমালোচনাকারী ট্রাম্প পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে পছন্দ করছেন। আজ সোমবার তিন দিনের সফরে ব্রিটেন যাওয়ার আগে ব্রিটিশ মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। দেশটির বিরোধী নেতা করবিন ট্রাম্পের বিরুদ্ধে ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। খবর বিবিসি ও রয়টার্সের

প্রেসিডেন্ট ট্রাম্প সানডে টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতায় ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজকে অন্তর্ভূক্ত করার দাবি জানান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাদের উচিত চুক্তিটির সমাপ্তি টানা। ব্রিটেন যা চায় তা যদি ইইউ না দেয় তাহলে সরে আসা উচিত। তিনি ব্রিটেনকে ৫০ বিলিয়ন ডলার বিচ্ছেদ বিল না দিতে আহবান জানান। ট্রাম্প বলেন, ব্রিটেন অবশ্যই চলতি বছরের মধ্যে ইইউ ছাড়বে। এর আগে দ্য সানকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকেই তার পছন্দ। তিনি বরিসের দক্ষতারও প্রশংসা করেন। আর বরিসও চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে। ট্রাম্প ব্রিটিশ রাজবধূ এবং মার্কিন নাগরিক মেগান মার্কেলকে ‘নোংরা’ বলেননি বলে জানিয়েছেন। যদিও তার এ সংক্রান্ত বক্তব্যের রেকর্ড আছে।

ট্রাম্পের সমালোচনায় করবিন ও সাদিক খান

প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের সমালোচনা করেছেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন এবং লন্ডনের মেয়র সাদিক খান। করবিন ট্রাম্পের বিরুদ্ধে দেশের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। তিনি ট্রাম্পের সম্মানে দেওয়া ভোজে অংশ নেবেন না বলেও গত এপ্রিলে জানিয়েছিলেন। আর সাদিক খান দ্য অবজারভারে লেখা এক নিবন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ট্রাম্পকে ফ্যাসিবাদীদের সঙ্গেও তুলনা করেন।