রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ আর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মো. আসলাম খান বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার সনি সিনেমা হলের বিপরীত পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম বুলবুল আহমেদ মনিরুল (২২)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড।
তিনি বলেন, বুলবুল আহমেদ ওরফে মনির আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। সে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র। বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমের মতবাদ প্রচারের জন্য উগ্রবাদী বই ও প্রচারপত্র বিলি করত মনির।
তার ফেসবুক আইডি ‘খালিদ বিন ওয়ালিদ’ এবং ‘আরতুগ্রুল গাজী এমবি’র মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র, হত্যা এবং জননিরাপত্তা বিঘ্ন করার উদ্দেশ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানান এটিইউয়ের এ কর্মকর্তা।
