মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ে পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে দেশটিকে স্বাভাবিক আচরণ করতে হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, সম্মান দেখালে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যাবে তেহরান। খবর রয়টার্সের
গতকাল সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই আলোচনা চায়। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প তো বহুবার বলেছেন, তিনি ইরানের সঙ্গে আলোচনার টেবিলে যেতে চান। এজন্য ইরানকে প্রমাণ করতে হবে যে তারা একটা স্বাভাবিক দেশের মতো আচরণ করছে। মধ্যপ্রাচ্যে তাদের কার্যক্রম স্বাভাবিক হতে হবে বিশেষ করে হিজবুল্লাহ এবং সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ সরকারকে সমর্থণ দেওয়ার বিষয়ে। গত সোমবারও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান আলোচনায় আসবে আশা করছি। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না। যদিও হাসান রুহানি বার্তা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করলেই আলোচনা হতে পারে। শনিবার তিনি বলেন, ইরানকে যথার্থ সম্মান দেখালেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসবে ইরান।
