তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলে শেষ পর্যন্ত লড়াই হবে

আপডেট : ০৩ জুন ২০১৯, ০০:৪৬

চীনের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, তাইওয়ানকে কেউ চীন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে শেষ পর্যন্ত লড়াই করা হবে। তিনি তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই হলে বিশ্বে দুর্যোগ নেমে আসতে পারে। খবর রয়টার্সের

গতকাল সিঙ্গাপুরে এশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন সাংগ্রি-লা সংলাপে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেন বলেন, তাইওয়ান চীনের অংশ। এটাকে কেউ যদি বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাহলে আমাদের সামরিক বাহিনীর লড়াই করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। যে কোনো মূল্যে এটাকে রক্ষা করা হবে। ওয়েই ফেন বলেন, এশিয়ায় সামরিক মহড়া চালানো হয় সার্বভৌমত্ব রক্ষার জন্য। এর বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে বেইজিংও ছাড় দেবে না। চীনের ওপর কেউ আক্রমণ না করলে করবে না, কেউ করলে বসে থাকবে না সেনাবাহিনী। তবে প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে বিশ্বে দুর্যোগ সৃষ্টি হতে পারে। এর আগের দিন শনিবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেন, এশিয়ায় চীনের আচরণে যুক্তরাষ্ট্র আর আঙ্গুলে ভর দিয়ে চলবে না। এর জবাবে চীনা প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দেন।