'ইউক্রেনে ব্যর্থ হচ্ছে রাশিয়া'

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২১:১৫

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেছেন, 'ইউক্রেন আগ্রাসনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করতে পারছে না। পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞা রাশিয়ার ব্যর্থতার আংশিক কারণ।' বৃহস্পতিবার (২১ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

ব্রাসেলসে ফ্রেন্ডস অফ ইউরোপ থিঙ্ক-ট্যাঙ্ক ইভেন্টকে ওয়েন্ডি শেরম্যান বলেন, 'আমরা এখানে যা নিশানা করছি তা হলো ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিনের জন্য একটি কৌশলগত ব্যর্থতা। আমার বিশ্বাস এটি ইতোমধ্যে ঘটতেছে। যাই ঘটুক... ইউক্রেন টিকে থাকছে।'  

তিনি আরও বলেন, রাশিয়ার ওপর তেল ও গ্যাস নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যাই সিদ্ধান্ত নিক না কেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য থাকবে উচ্চমূল্য এড়ানো। 

এদিকে ইউক্রেনের মারিউপোল শহরে বিজয় দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৫৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। 

ইত্তেফাক/এসআর