অসহায়দের পাশে বিত্তবানরা এগিয়ে আসুন: নিক্সন চৌধুরী

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২১:৪০

পবিত্র রমজান মাসে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢুমুরদী ইউনিয়নের পূর্বস্থলী গ্রামের বিশিষ্ট শিক্ষা অনুরাগী তরুণ সমাজসেবক জাহিদ সিকদারের বাড়িতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নিক্সন চৌধুরী বলেন, করোনা পরবর্তীতে মানুষ কিছুটা ঘুরে দাঁড়িয়ে পবিত্র মাহে রমজান পালন করছে। সমাজের বিত্তশালীদের প্রতি আমার অনুরোধ রইলো- আপনারা গরিব-অসহায়দের পাশে দাঁড়ান। আপনারা তাদের পাশে দাঁড়ালে তারা পবিত্র ঈদুল ফিতর হাসি-খুশিতে পালন করতে পারবে।  

ইফতার মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাকর্মীরা।

ইত্তেফাক/ইউবি