এই তো কদিন আগে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ক্যারিবিয়ান পেসারদের তোপের মুখে পড়ে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। দুঃস্বপ্নের প্রথম ম্যাচ পেরিয়ে আজ আবারো মাঠে নামছে পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে সরফরাজ আহমেদের দল। বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
তবে আজকের ম্যাচে পাকিস্তানের জন্য অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ। কারণ ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচে ব্যবহার হওয়া উইকেটে আজ খেলা হবে না। ট্রেন্ট ব্রিজে আজ ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচটি হবে রানস্বর্গে। যে উইকেটে দুবার বিশ্বরেকর্ড গড়েছিল ইংল্যান্ড। ২০১৮ সালে এই উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রানের বিশ্বরেকর্ড গড়েছিল স্বাগতিকরা। আবার একই উইকেটে ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেটে ৪৪৪ রান করেছিল ইংল্যান্ড।
এসব পরিসংখ্যানই স্পষ্ট ট্রেন্ট ব্রিজে আজ দুই দলের বোলারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজদের সঙ্গে ইংলিশ বোলারদেরও সময়টা উপভোগ্য হবে না। তাই আজ ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে রান বন্যার আশা করাই যায়। টসজয়ী দল আগে ব্যাটিং করতেই পছন্দ করবে। আর ইংল্যান্ড আগে ব্যাট করলে বিশ্বকাপে পাকিস্তানের দুঃসময়টা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়া পাকিস্তানের সামনে পরীক্ষা দারুণ ছন্দে থাকা ইংলিশদের আটকানো। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকরা ১০৪ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। আবার কিছুটা আশার আলোও আছে সরফরাজদের জন্য। গত ১৭ মে এই উইকেটে ৩৪০ রান করেছিল পাকিস্তানও। যদিও সেই ম্যাচে ইংল্যান্ডই জিতেছিল।
টানা ১১ ওয়ানডে হারা পাকিস্তান আজ জয়ের ধারায় ফিরতে চায়। দলটির বোলিং কোচ আজহার মাহমুদ গতকাল বলেছেন, ‘এটা সত্য আমরা ১১ ম্যাচ হেরেছি। আমরা একটা জয়ের খোঁজে আছি। আমরা পরিকল্পনা ঠিক করেছি, এখন বাস্তবায়ন দরকার। এই দলের সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর।’ বোলারদের কাছে ১০টা ভালো বল চাইছেন সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার।
এদিকে নিজেদের জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যেই আজ মাঠে নামবে ইংল্যান্ড। হারের মিছিলে থাকা পাকিস্তানকে সমীহ করে দলটির অধিনায়ক মরগান গতকাল বলেছেন, ‘আমরা পাকিস্তানের জন্য সেরা প্রস্তুতি নিচ্ছি। দুই বছর আগেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দল ছিল। তারা আমাদেরকে, ভারতকে হারিয়েছিল। আমরা সেরা প্রস্তুতিই নিচ্ছি।’ তবে রান বন্যার ম্যাচের সম্ভাবনা নিয়ে ইংলিশ অধিনায়ক বলেছেন, এমনটা হতে হলে অবিশ্বাস্য ভালো ব্যাটিং করতে হবে।
ইত্তেফাক/আরকেজি
