নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেফতার

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২২:৪০

রাজধানীর নিউমার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে তার দলের এক নেতা জানিয়েছেন। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আজ শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে মকবুল হোসেনকে ধরে নিয়ে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মকবুল হোসেন। ছবি: সংগৃহীত

মকবুল হোসেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমধ্যমকে বলেন, ‘এই ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করেছি।’ তবে তিনি মকবুল হোসেন কি না তা নিশ্চিত করেননি এই কর্মকর্তা।

পরে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় মকবুল হোসেনকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে।

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: ইত্তেফাক

নিউমার্কেটে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে জখম ও ভাঙচুরের ঘটনায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে ১ নম্বর আসামি করে মামলা করা হয়। মামলায় আসামিদের মধ্যে আরও ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: ইত্তেফাক

উল্লেখ্য, সোমবার (১৮ এপিল) রাত ১১টার দিকে কথা কাটাকাটির জেরে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাহিদ ও মোরসালিন নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি এবং নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জন ব্যবসায়ী ও কর্মচারী এবং ৫০০ থেকে ৬০০ জন শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ। 

ইত্তেফাক/এএএম