আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর বার্ষিক ওয়াজ মাহফিল সমাপ্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:০০

মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী চরমোনাইর বার্ষিক ওয়াজ মাহফিল সমাপ্ত হয়েছে।

মোনাজাতে পীর সাহেব চরমোনাই মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম দেশ, মানবতা, ইসলাম ও দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং ইসলাম বিরোধী, মানবতাবিরোধী অপশক্তির হিদায়াত কিংবা ধ্বংসের জন্য দোয়া করেন তিনি। মোনাজাত পূর্ব আখেরি বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ যখন আল্লাহবিমুখ হয়ে যায় তখন মানুষের মধ্যে মানবতা থাকে না বিধায় তারা যেকোন অপরাধে জড়িয়ে পড়ে। সুতরাং আমাদের সবার মধ্যে আল্লাহভীতি এবং আল্লাহ ও রাসূলের পূর্ণ আনুগত্য থাকতে হবে। আল্লাহ ও তাঁর রাসূল স. মনোনীত দ্বীন ব্যতীত অন্য কোন তন্ত্র-মন্ত্র কখনোই করা যাবে না। যারা আল্লাহ ও তাঁর রাসূলের আদর্শ ব্যতীত অন্য আদর্শ গ্রহণ করে কিংবা সে আদর্শের দিকে লোকদিগকে আহ্বান করে, নিশ্চয়ই তারা পথভ্রষ্ট।

আখেরি মোনাজাতে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু, বরিশালের প্রশাসনিক পদস্থ কর্মকর্তা, বরেণ্য শিক্ষাবিদ, লেখক, গবেষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এবছর চরমোনাই মাহফিলে এসে মোট চারজন ব্যক্তি ইন্তেকাল করেন। এদের সকলের জানাজা মাহফিলের স্টেজেই অনুষ্ঠিত হয়। জানাজার পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।