ইউক্রেনে অভিযানের সময় রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কভা ডুবে গেছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে রাশিয়া কিছু না জানালেও অবশেষে তথ্য প্রকাশ করেছে তারা। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মিসাইল ক্রুজার মস্কভা ডুবে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। নিখোঁজ হন আরও ২৭ নাবিক। বাকি ৩৯৬ নাবিককে উদ্ধার করা হয়েছে।
রাশিয়া জানিয়েছিল, গোলাবারুদের মজুতে বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর মস্কভাকে বন্দরে টেনে নেওয়া হচ্ছিল। ওই সময় সাগর উত্তাল থাকায় ডুবে যায় মিসাইল ক্রুজারটি। তবে ইউক্রেনের দাবি, মস্কভায় তারা জাহাজবিধ্বংসী দুটি নেপচুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
রাশিয়ার কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে ছিল মস্কভা। যুদ্ধজাহাজটি হারানো রাশিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে জাহাজে আগুন ধরে যাওয়া ও ডুবে যাওয়ার ঘটনায় এত দিন হতাহত হওয়ার কোনো কথা জানায়নি রাশিয়া। এ নিয়ে ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় কোনো বড় যুদ্ধজাহাজ হারাল রাশিয়া।
