কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে র্যাব কুমিল্লা ক্যাম্পের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার দুই মাদক কারবারি হচ্ছে- ফেনীর সোনাগাজী উপজেলার চরথোয়াজ গ্রামের বাবুল হকের ছেলে মো. ইসমাইল (২৯) ও একই উপজেলার চরগণেশ গ্রামের মো. হারুনের ছেলে মো. জিয়া উদ্দিন হৃদয় (২৪)।
দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মাদকের একটি চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ কেজি গাঁজা, নগদ টাকা ও ৩টি মোবাইলসহ মো. ইসমাইল ও মো. জিয়া উদ্দিন হৃদয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
