রাজশাহী মহানগরীতে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি মো. এমাজ উদ্দিন মণ্ডলকে (৫০) গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ডিবি।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া জামায়াত নেতা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় হতে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি মো. এমাজ উদ্দিন মণ্ডলকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি ও তার অন্যান্য সহযোগীরা সরকার বিরোধী অপপ্রচারসহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপ-কমিশনার জানান, আসামির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দাঙ্গাহাঙ্গামার মোট ৩৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫টি গ্রেফতারি পরোয়ানা মূলতবী রয়েছে।

ফোসা'র উদ্যোগে দিনব্যাপী ঈদ চ্যারিটি মেলা অনুষ্ঠিত
পিঠে যন্ত্রণায় সহজ সমাধান