কুমিল্লায় পাচারকালে মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ৩

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৫:১২

কুমিল্লায় রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্স বোঝাই করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারকালে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রবিবার (২৪ এপ্রিল) জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকায় র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। 
গ্রেফতারকৃতরা হলেন- জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. কাউছার (২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগন্নাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. রাসেল (২২) ও গাইবান্ধার বুজরুক জামালপুর থানার সাদুল্য গ্রামের মো. তাহাদুল ইসলামের ছেলে মো. নাজমুল হুদা লিয়ন (২৬)।  

দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ্যাম্বুলেন্সে করে মাদকের একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে রবিবার সকালে সীমান্তবর্তী শংকুচাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি এ্যাম্বুলেন্স আটক করে এতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় এবং মো. কাউছার, মো. রাসেল ও মো. নাজমুল হুদা লিয়ন নামে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ৩ মাদক কারবারি রোগী পরিবহনের আড়ালে দীর্ঘদিন যাবত এ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

ইত্তেফাক/এমএএম