রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংসুকে ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় মা-ছেলেকে ছেড়ে দিয়েছে কলাবাগান থানা পুলিশ।
কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই মো. শামীম জানান, তাদের দুইজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি কাজে আর বাধা দিবেন না এই মর্মে অঙ্গীকার করেছেন তারা।
রবিবার (২৪ এপ্রিল) সকালে মাঠে পুলিশের উপস্থিতিতে তেঁতুলতলা মাঠে নির্মাণকাজ শুরু হলে সৈয়দা রত্না ফেসবুক লাইভে এসে নির্মাণকাজের প্রতিবাদ জানাচ্ছিলেন। এরমধ্যেই সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংসুকে আটক করে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারের খবরের পরপরই রবিবার রাতে সৈয়দা রত্না ও তার ছেলের মুক্তির দাবিতে কলাবাগান থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দা, মানবাধিকারকর্মী ও উদীচীর নেতৃবৃন্দ।
