মনপুরায় লঞ্চঘাটে পন্টুন নেই, দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২১:০২

ভোলার মনপুরার রামনেওয়াজ লঞ্চ ঘাটে পন্টুন না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ঝুঁকি নিয়ে লঞ্চে উঠা-নামা করতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

কবে নাগাদ ঘাটে পন্টুন স্থাপন করা যাবে তাও বলতে পারছে না বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও ঘাট ইজারাদার আবদুস সালাম।

জানা গেছে, মনপুরা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। তাই এই রুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। ঘাটে পন্টুন না থাকায় গত ৬ মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এছাড়া ঝুঁকি নিয়ে লঞ্চে উঠতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে বর্ষার আগে ঘাটের পন্টুন স্থাপন না করলে লঞ্চে উঠা-নামা করতে আরও বিপদে পড়বেন যাত্রীরা।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেন ও যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, পন্টুন না থাকায় ঘাটে লঞ্চ ভিড়তে গিয়ে বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। তাছাড়া প্রতিদিন মনপুরা ঘুরতে আসা পর্যটকরা লঞ্চে উঠতে-নামতে ভোগান্তির শিকার হন।

মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, পন্টুন না থাকায় লঞ্চগুলো সরাসরি বাঁধের ওপর ভিড়ছে। এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মনপুরায় পন্টুন না থাকায় বেড়িবাঁধে ভিড়ছে লঞ্চ।

এ ব্যাপারে ভোলা বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক শহীদুল ইসলাম জানান, লঞ্চগুলো নতুনঘাটে ভিড়তে সমস্যা হচ্ছে। তাই লঞ্চগুলো পুরনো ঘাটে ভিড়ছে। পুরনো ঘাটে পন্টুন স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বরিশাল বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক এসএম আজগর জানান, যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে বিআইডব্লিউটিএ বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নিচ্ছে।

 

 

 

 

 

ইত্তেফাক/ইউবি