রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৬ এপ্রিল) এ আদেশ দেওয়া হয়।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির এই নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। জামিন চেয়ে তাদের পক্ষ থেকে আজ তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতের আদেশের আগে আজ নিউ মার্কেট থানা যুব দলের সভাপতি আমির হোসেনসহ আসামিরা জামিনের আবেদন নিয়ে আদালতে উপস্থিত হন। অ্যাডভোকেট কায়সার কামাল ও মাকসুদ উল্লাহ আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন।
উল্লেখ্য, গত ১৮ এপিল রাত ১১টার দিকে কথা কাটাকাটির জেরে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাহিদ ও মোরসালিন নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি এবং নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জন ব্যবসায়ী ও কর্মচারী এবং ৫০০ থেকে ৬০০ জন শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ। সংঘর্ষ নিয়ে মোট পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ। নাহিদ মিয়া ও মোরসালিন হত্যায় দুটি মামলা হয়েছে।
