নালিতাবাড়ীতে হাতি উদ্ধার 

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৪:৩০

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনকূড়া গ্রাম এলাকা থেকে বন কর্মকর্তারা একটি মাদি হাতি উদ্ধার করেছে। হাতিটির বয়স আনুমানিক ৬ থেকে সাড়ে ৬ বছর হবে বলে বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় হাতির মাউত আব্দুর রউফ মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বনবিভাগের জেলাসদর রেঞ্জকর্মকর্তা মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেফতারকৃত মাউত আব্দুর রউফ উপজেলার বনকুড়া গ্রামের বাসিন্দা। ঘটনাটি এলাকায় চাঞ্জল্যের সৃষ্টি করেছে।   

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মধুটিলা রেঞ্জকর্মকর্তা আবদুল করিম জানান, হাতির মাউত আব্দুর রউফ হাতির আসল মালিক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি গ্রামের বাসিন্দা আবদুল করিমের কাছ থেকে ভাড়ায় এনে হাতি দিয়ে বিভিন্ন হাটবাজারে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল। নালিতাবাড়ী উপজেলার পরিবেশবাদী সংগঠন ’সবুজ আন্দোলনের’ নেতৃবৃন্দ হাতিটিকে শিকলবন্দী অবস্থায় দেখে বনবিভাগ ও পুলিশ প্রশাসনকে অবগত করেন। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর পুলিশ ও বনবিভাগের লোকজন হাতির মাউত আব্দুর রউফকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। আর হাতিটিকে ইকোপার্কে রাখা হয়।  
 
এবিষয়ে মামলার বাদী বনবিভাগের জেলাসদর রেঞ্জকর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, হাতি পালনের বৈধ কোনো  কাগজপত্র না থাকায় হাতির মালিক আবদুল করিম ও মাউত আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং হাতিটিকে উদ্ধার করে মধুটিলা ইকোপার্কে রাখা হয়েছে। ঘটনায় পর হাতির মাউত কারগারে গেলেও আসল মালিক পলাতক রয়েছে। 

 

 

ইত্তেফাক/এআই