মহাদেবপুরে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৭:১৭

মহাদেবপুরে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সোমবার থেকে উপজেলা সদরের মুদির দোকানগুলোতে বোতলজাত সয়াবিন মিলছে না বলে জানিয়েছেন ক্রেতারা। দুই-একটি দোকানে পাওয়া গেলেও ক্রেতাদের গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা।  

মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা সদরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই। এসব দোকানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা লিটার দরে। 

কয়েকজন ব্যবসায়ী জানান, দেশের বোতলজাত তেলের বড় বড় কোম্পানিগুলো তেলের সঙ্গে তাদের উৎপাদিত আটা, ময়দা, সুজির প্যাকেজ করে বিক্রি করছে।  তেলের সঙ্গে এসব পণ্য না নিলে শুধু বোতলজাত তেল পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে না। এতে বোতলজাত সয়াবিন তেলের সংকট সৃষ্টি হচ্ছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিগগিরই বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/এআই