ঈদে শতাধিক সিনেমা, সহস্রাধিক নাটক-অনুষ্ঠান

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০১:০৮

ঈদ এলেই দেশের টিভি চ্যানেলগুলো বিশেষ আয়োজনের পসরা নিয়ে হাজির হয় দর্শকদের কাছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিটি চ্যানেল নতুন নাটক, অনুষ্ঠান, সিনেমা দিয়ে তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে। তবে এবার বেশিরভাগ চ্যানেল নাটকের পাশাপাশি সিনেমা প্রচারের দিকে নজর দিচ্ছে। 

প্রতিবারের মতো এবারের ঈদেও বাংলাদেশ টেলিভিশন তাদের দর্শকদের জন্য প্রচার করবে বিশেষ ইত্যাদি, আনন্দ মেলা’সহ একাধিক, সিনেমা, নাটক ও অনুষ্ঠান। রাষ্ট্রীয় এই টিভি চ্যানেলর পাশাপাশি বেসরকারি চ্যানেলগুলোও আয়োজনে কমতি রাখেনি। ঈদে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘লাল মোরগের ঝুঁটি’, ‘ন’ ডরাই’, ‘গন্ডি’, ‘ঢাকা ড্রিম’, ‘ছিটমহল’, ‘চন্দ্রাবতী কথা’, ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমাগুলোর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারসহ নতুন ১৫টি নাটক, ১০টি টেলিফিল্ম, র্ফার্মাস গেম ‘কৃষকের আনন্দ’সহ একাধিক অনুষ্ঠান। 

বাংলাভিশন তাদের অনুষ্ঠানমালায় রেখেছে ৯টি সিনেমার পাশাপাশি ৭ পর্বের ২টি ধারাবাহিক নাটক, ৪৯টি একক নাটক, ৭টি টেলিফিল্মসহ বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। চ্যানেল নাইনের ৬ দিনব্যাপী বিশেষ আয়োজনে থাকছে ৬টি বাংলা সিনেমা, বাংলায় ডার্বিংকৃত ৬টি টার্কিশ সিনেমা, ২৪টি একক নাটক, ৩টি ধারাবাহিক নাটক, ফোক সম্রাজ্ঞী মমতাজ, মনির খান, কণা, আরিফুল ইসলাম মিঠু, মুহিন, কর্ণিয়া, দিঠিসহ দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের গান, সাদিয়া ইসলাম মৌ,তারিন, মেহজাবিন চৌধুরী, শাবিলা নূর, শখ, রিচি সোলায়মান, নাদিয়া, চাঁদনী, দিঘী, নিশার নৃত্য এবং অভিনয়শিল্পী-চঞ্চল চৌধুরী, শাওন, ফজলুর রহমান বাবু, মাসুম আজিজ, শম্পা রেজা, আনের পরিবেশনায় সঙ্গিতানুষ্ঠানসহ বিনোদনের মহা আয়োজন।

এদিকে এবারের ঈদে জমকালো আয়োজন থাকছে নাগরিক টিভিতে। তারাও অনুষ্ঠানমালায় দেশীয় সিনেমাকেই প্রধান্য দিয়েছে। এবার ঈদে তারা ৩৫টি বাংলা সিনেমা প্রচার করবে। সেই তালিকায় রয়েছে ‘সবার উপরে প্রেম’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘জজ ব্যারিষ্টার কমিশনার’, ‘ঢাকা অ্যাটাক’, ‘তোমাকে বউ বানাবো’, ‘রুখে দাঁড়াও’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘ওয়ার্নিং’, ‘রাজা ৪২০’, ‘তান্ডবলীলা’, ‘ভালবাসার দুশমন’, ‘মা আমার স্বর্গ’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘সুইট হার্ট’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘নষ্ট ছাত্র’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘বিগ ব্রাদার’, ‘আমাদের ছোট সাহেব’, ‘মাস্তানের উপর মাস্তান’, ‘বাস্তব’, ‘ওরা দালাল’, ‘স্বামীর সংসার’, ‘গুন্ডা দ্য টেররিষ্ট’, ‘মন যেখানে হৃদয় সেখানে’-এর মতো সিনেমাগুলো। এছাড়াও চ্যানেলটিতে প্রচার হবে বেশ কিছু একক, ধারাবাহিক নাটক-টেলিফিল্মসহ বিশেষ অনুষ্ঠান।

এবারের ঈদে বাংলা টিভি তাদের অনুষ্ঠানমালায় রেখেছে সুপারস্টার শাকিব খানের ৭টি সিনেমা। শাকিব খান অভিনীত ‘সবার উপরে তুমি’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘চাচ্চু, বন্ধু যখন শত্রু’, ‘দাদী মা’, ‘প্রাণের মানুষ’, ‘সন্তান আমার অহংকার’ ঈদের ৭দিন প্রচার হবে চ্যানেলটিতে। শিশুদের কাছে বিশেষ জনপ্রিয় চ্যানেল দুরন্ত টিভি সিজন ১৯ শুরুর পাশাপাশি এবারের ঈদে একাধিক শিশুতোষ অনুষ্ঠান প্রচারের পাশাপাশি বেশ কয়েকটি নাটক ও অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা।

অন্যদিকে এটিএন বাংলা, একুশে টিভি, আরটিভি, এনটিভি, মাছরাঙা টিভিসহ অন্যান্য চ্যানেলগুলোও জনপ্রিয় তারকাদের কয়েকশ’ নাটক-টেলিফিল্মের পাশাপাশি অনুষ্ঠান প্রচার করবে। এছাড়াও দেশের ইউটিউব চ্যানেলগুলোতে এবারের ঈদে প্রচার হবে ৫ শতাধিক নাটক

ইত্তেফাক/ ইআ