নালিতাবাড়ীতে হাতি উদ্ধার, মাহুত কারাগারে

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০২:০০

নালিতাবাড়ী উপজেলার বনকূড়া গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে বন কর্মকর্তারা একটি মাদি হাতি উদ্ধার করেছেন। হাতিটির বয়স আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় বছর হবে বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। 

এ ঘটনায় হাতির মাহুত আব্দুর রউফ মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাউত আব্দুর রউফ উপজেলার বনকুড়া গ্রামের বাসিন্দা। 

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম জানান, হাতির মাহুত আব্দুর রউফ হাতির আসল মালিক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি গ্রামের বাসিন্দা আবদুল করিমের কাছ থেকে ভাড়ায় এনে হাতি দিয়ে বিভিন্ন হাটবাজারে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল। নালিতাবাড়ী উপজেলার পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ হাতিটি শিকলবন্দি অবস্থায় দেখে বন বিভাগ ও পুলিশ প্রশাসনকে অবগত করেন। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর পুলিশ ও বন বিভাগের লোকজন হাতির মাহুত আব্দুর রউফকে গ্রেফতার করে কারাগারে পাঠান। আর হাতিটি ইকোপার্কে রাখা হয়। 

মামলার বাদী বন বিভাগের জেলা সদর রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, হাতি পালনের বৈধ কাগজপত্র না থাকায় মালিক আবদুল করিম ও মাউত আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় পর হাতির মাহুত কারাগারে গেলেও আসল মালিক পলাতক রয়েছে।

ইত্তেফাক/এমএএম