কোটালীপাড়ায় ফুটপাত দখল করে ব্যবসা করছে শত শত দোকানি। এতে পৌর এলাকার ঘাঘর বাজারে তীব্র যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ঐতিহ্যবাহী ঘাঘর বাজারটি শত বছর আগের। এখানে শুধু কোটালীপাড়াবাসীই নয়, এখানে কেনাকাটা করেন জেলা সদর গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ।
উপজেলার দক্ষিণপাড়া গ্রামের নিবাসী বুলবুল আহম্মেদ হাজরা বলেন, কিছু দিন হলো ঘাঘরবাজারের রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্ট হচ্ছে। ছোট ছোট ব্যবসায়ীরা সড়কের ফুটপাত দখল করে দোকান নিয়ে বসেছে।
কুশলা ইউপি সদস্য সোনিয়া পারভীন বলেন, ঘাঘরবাজারের ফুটপাতগুলো দখল হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, আমরা নারীরা ভিড়ের কারণে বাজারে প্রবেশ করতে পারি না। এ ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে পৌর মেয়রের ব্যবস্থা নেওয়া উচিত।
পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ বলেন, ঘাঘরবাজারের যানজট কমাতে ও ফুটপাত দখলমুক্ত করতে চেষ্টা করে যাচ্ছি। এ বিষয়ে ব্যবসায়ীদের নিয়ে অনেক বার সভা করেছি। কিন্তু তারা অদৃশ্য কারণে আধুনিক পৌর কিচেন মার্কেটে যাচ্ছেন না। ফুটপাতের সব ব্যবসায়ী ভাইদের পৌর কিচেন মার্কেটে যাওয়ার জন্য অনুরোধ করছি।
