যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এখনো এশিয়ার কোনো রাষ্ট্রে সফর করেননি প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০ থেকে ২৪ মে তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তিনি দেশ দুইটিতে যাচ্ছেন। হোয়াইট হাউজের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউজ থেকে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিহিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন। সেইসঙ্গে টোকিওতে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। মূলত কোয়াড সম্মেলনে এসব দেশের নেতারা একত্রিত হবেন।
হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে জানান, এ সফর আমাদের সরকারগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর করবে। তাছাড়া একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক ও কোরিয়া-জাপান প্রজাতন্ত্রের সঙ্গে মার্কিন প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি।
তবে সফরকে সামনে রেখে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া ধারণা করা হচ্ছে। এতে কিছুটা উদ্বিগ্ন রয়েছে মার্কিন প্রশাসন।
