সিরাজগঞ্জের ২ সেতু খুলে দেওয়ায় স্বস্তিতে যাত্রীরা 

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪:৪৩

রাজধানী থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিন বঙ্গের ২২ টি জেলায় ঈদ যাত্রায় যানবাহনের চাপ বাড়লেও বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের যানজট নেই। যানজট নিরসনের জন্য ইতিমধ্যে নলকা এবং চান্দাইকোনায় দুইটি সেতু খুলে দেওয়ায় এবারে যানজট নেই বলে জানা গেছে।

সড়কে যানবাহন নিয়মতান্ত্রিকভাবে চলাচলের জন্যে ইতিমধ্যেই মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহনগুলো বন্ধ করে দিয়েছে। তাছাড়াও পার্শ্ববর্তি কোন রাস্তা থেকে যেন কোন ছোট যানবাহন হাইওয়েতে না উঠতে পারে সেদিকে নজরদারী রাখা হয়েছে। যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ৪শত পুলিশ সদস্য পালাক্রমে সার্বক্ষনিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।  

বৃহস্পতিবার এই মহাসড়কে গিয়ে যাত্রীদের সাথে কথা বললে তারা জানান, ঈদের আগে গত কয়েক বছর যাবত এই মহাসড়কে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার ভোগান্তি পোহালেও এবারে তা নেই। দ্রুত গন্তব্যে যাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় আমরা অনেক খুশি।   

এই মহাসড়কে চলাচলকারীরা আশা প্রকাশ করে বলেছেন, এবারে মহাসড়কে সেতুটি খুলে দেওয়ায় হয়তো ঈদেও ভোগান্তি পোহাতে হবে না।

ঢাকা থেকে রংপুরগামী বাস যাত্রী সুমন, বগুড়াগামী যাত্রী, সুমাইয়া, পাবনাগামী যাত্রী রোকাইয়া বেগম, রাজশাহীগামী যাত্রী আনোয়ার হোসেন জানান, প্রতিবছরই এই সড়কে দীর্ঘ সময় যানজটের ভোগান্তি পোহাতে হতো। পরিবারের সাথে ঈদ করতে পারবো কিনা তাও অনিশ্চিত ছিলো। কিন্তু এবারে এখন পর্যন্ত যানজটের ঝুঁকি নেই। আশা করি এবারে এই মহাসড়কে যাতায়াতকারি যানবাহনগুলি নির্বিঘ্নে ও সময়মত গন্তব্যে পৌঁছাতে পারবো। 

এব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, নলকার সেতুর খুলে দেয়ার কারণে এবারে এই মহাসড়কে যানজট নেই। সকল যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে এবং নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছে।  

ইত্তেফাক/এআই