বরিশালের বানারীপাড়া উপজেলার সদর বাজারসহ সর্বত্রই জমে উঠছে ঈদের বাজার। গত দুই বছর করোনাকালীন দেশের অবস্থা ও ঈদের ক্রয়-বিক্রয় তেমন জমেনি। তবে এ বছর করোনা শিথিল হওয়ায় জমজমাট ঈদ বাজার।
ইতোমধ্যে অনেকে কেনাকাটা সারলেও রমজানের শেষ মুহূর্তে ঈদকে সামনে রেখে ক্রেতারা এখন বাজারমুখী। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। বিশেষ করে বানারীপাড়া উপজেলার বন্দর বাজারের বিপণী-বিতানগুলো এখন সরগরম।
সরেজমিনে দেখা যায়, দোকানীরা নানা রকমের ডিজাইনের পসরা সাজিয়েছেন। যেমন পোশাকের নাম দেয়া হয়েছে সাড়ারা, পুষ্পা, কাঁচাবাদাম, আনারকলি, ঝিলিক, কিরণমালা ইত্যাদি।
ক্রেতারাও ঘুরে ঘুরে তাদের পছন্দের পোশাক, জুতা, কসমেটিকস সহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিপণী বিতানগুলো ছাড়াও ফুটপাতের দোকানেও ক্রেতাদের ভিড় দেখা যায়।
ক্রেতারা জানিয়েছেন এ বছর পোশাকের দাম বেশী হওয়ায় পছন্দের পোশাকসহ জিনিসপত্র কিনতে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। বানারীপাড়া বন্দর বাজারে আসা সুখী খানম জানান, ঈদের মার্কেট করতে এসেছি। দাম একটু বেশি, তারপরও কিনতে হবে।
লাভলী বেগম জানান, বাজার ঘুরে কিনতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে দাম অনেক বেশি।
ক্রেতা হাজী সাখাওয়াত জানান, এবারের ঈদে পোশাকের মান ভালো ও অনেক ডিজাইনের পোশাক দেখা যাচ্ছে। মেয়েকে নিয়ে কিনতে এসেছি।
দোকানী সঞ্জয় কুমার দেবনাথ বলেন, আমার দোকানে রোজার শুরুতেই কাপড় চোপড় উঠিয়েছি। প্রথমদিকে বিক্রি কম হলেও এখন কিছুটা ভাল। আমার দোকানে নি¤œবিত্ত থেকে উচ্চবিত্ত ব্যক্তিদের চাহিদা অনুযায়ী পোশাক রয়েছে।
কসমেটিকসের দোকানী মলাই সাহা বলেন, এখন পর্যন্ত তেমন বিক্রি হয়নি, মেহেদী সহ অল্প কিছু বিক্রি হচ্ছে। ঈদ আসতে যে কদিন আছে এ সময় বিক্রি আরো বাড়বে।
