আগৈলঝাড়ায় ব্যবসায়ী লাঞ্ছিত দোকান বন্ধ রেখে প্রতিবাদ

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৭:৫৯

আগৈলঝাড়ার গৈলা বাজারের এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সহকর্মী লাঞ্ছিতের প্রতিবাদে ঐ বাজারের ব্যবসায়ীরা বুধবার (২৭ এপ্রিল) সকালে দোকান বন্ধ রেখে ঘটনার বিচার দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।   

বাজারের কাঁচামাল ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গৈলা বাজারে কাঁচামাল ব্যবসায়ী সেকেন্দার সরদারকে মঙ্গলবার বিকালে তার দোকানে বসে তুচ্ছ ঘটনায় মধ্যশিহিপাশা গ্রামের মৃত ফজলুল হক মুন্সির ছেলে রফিকুল ইসলাম রুবেল মুন্সি লাঞ্ছিত করে। লাঞ্ছিত ব্যবসায়ী এ ঘটনায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে অন্য ব্যবসায়ীরা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠালে সেকেন্দার সরদারকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। 

এ ঘটনায় বুধবার সকাল ৬টা থেকে বাজারের সব কাঁচামালের দোকান, মাছ-মাংসের দোকান, বিভিন্ন মুদি দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা লাঞ্ছনাকারী রুবেল মুন্সির বিচারের দাবি জানান। খবর পেয়ে গৈলা বাজার কমিটির সভাপতি ও গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বাজারে গিয়ে ব্যবসায়ীদের প্রতিবাদ সভায় অভিযুক্ত রুবেল মুন্সির বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা সকাল ৯টায় তাদের বন্ধ দোকান খুলে দেন। 

ইত্তেফাক/এআই