রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে। এতে ইউক্রেনকে সহায়তা করতে প্রস্তুত পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এই মন্তব্য করেছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, 'দীর্ঘ সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।' তিনি এ সময় আরও বলেন, 'এই যুদ্ধ দীর্ঘদিন চলার সম্ভাবনা আছে, এটি কয়েক মাস এবং কয়েক বছর স্থায়ী হতে পারে।'
ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনের মিত্ররা দেশটিতে ন্যাটো-মানের অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ইউক্রেন আজ দাবি করেছে, রাশিয়ার এখন পর্যন্ত ২২ হাজার ৮০০ সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটি ৪০০ সেনা হারিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই তথ্য জানায়। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক ফেসবুক বার্তায় দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আরও জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু পর মস্কো ৯৮০ টি ট্যাংক, ২ হাজার ৩৮৯টি সাঁজোয়া যান, ১৮৭ টি প্লেন এবং ১৫৫টি হেলিকপ্টার হারিয়েছে।

রুশ বাহিনীকে হটানোর ডাক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর