নীতি সহায়তার অভাবে শতভাগ দেশীয় ২৬ সিগারেট কোম্পানির অস্তিত্ব বিলিন হওয়ার পথে। পথে বসতে চলেছে তামাক চাষীরা। উদ্ভূত পরিস্থিতিতে দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে রংপুরে বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন করেছে ভুক্তভোগী তামাক চাষীরা। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।
শুক্রবার সকালে উত্তরের জেলা রংপুরের সদর উপজেলার জেলা স্কুলের পাশে স্থাপিত বঙ্গবন্ধু চত্বরের সামনে তামাক চাষীরা, বিদেশী মনোপলি ব্যবসা বন্ধ ও দেশীয় মালিকাধীন তামাক শিল্প রক্ষা, এ শিল্পে অবিলম্বে ৪০ শতাংশ মনোপলি আইন কার্যকর করা, দেশি তামাক শিল্পে প্রতিযোগিতামূলক আইনের সঠিক বাস্তবায়নসহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।
তারা জানান, সরকার শতভাগ দেশীয় কোম্পানির বিনিয়োগ সুরক্ষায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে দুটি মূল্যস্তর সৃষ্টি করে। ২০১৮-১৯ অর্থবছরে দেশীয় কোম্পানির জন্য সংরক্ষিত রেখে বহুজাতিক কোম্পানির আন্তর্জাতিক ব্র্যান্ডকে মধ্যমমানে উন্নীত করে। বহুজাতিক কোম্পানির দখলে এখন ৯০ শতাংশ সিগারেটের বাজার সেখানে দেশীয় কোম্পানির জন্য গৃহীত পদক্ষেপ অজানা কারণে সেই পদক্ষেপ বাস্তবায়ন না হওয়ায় দেশীয় তামাক শিল্পকে কৌশলে হত্যা করা হচ্ছে। পাশাপাশি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ায় নকল সিগারেটের দাম বাড়ছে, সরকার রাজস্ব হারাচ্ছে।
