ঈদের দিন
চ্যানেল :এটিএন বাংলা
সময় :রাত ৮টা ৩০ মিনিট
প্রতি ঈদেই বরেণ্য নির্মাতা হানিফ সংকেত এটিএন বাংলার জন্য একটি নাটক নির্মাণ করেন। তাঁর এবারের ঈদের নাটকের নাম ‘ভুল ভাঙাতে ভুল করা’। নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে। নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজেস্ব কমপ্লেক্সে।
একটি পারিবারিক গল্প নিয়ে রচিত হয়েছে এ নাটকটি। পরিবারের কর্তাব্যক্তি চলতে ফিরতে কোথাও কোনো অসঙ্গতি বা সমস্যা দেখলেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কিন্তু পরিবারের সদস্যরা তাঁর এসব কর্মকাণ্ডে অত্যন্ত বিরক্ত। মা-বাবা-চাচা-পুত্র-পুত্রবধূসহ পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়শই তার এ ভুল করা আর ভুল ধরা নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। আর এসব ঘটনা নিয়েই রচিত হয়েছে নাটক ‘ভুল ভাঙাতে ভুল করা’।
নাটকের গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘আজকাল অধিকাংশ নাটকেই কোনো বাবা-মায়ের চরিত্র দেখা যায় না। তবে আমার এ নাটকটিতে রয়েছে বাবা-মা-ভাই-বোন-চাচাসহ পরিবারের বিভিন্ন সদস্য। আর এই পরিবারের সদস্যদের নিয়েই এই নাটক। অর্থাত্ বলা যায়, প্রতিবারের মতো এবারো নাটকটি একটি পরিবারকে কেন্দ্র করে পারিবারিক গল্পের নাটক।’
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান, শেলী আহসান, আবদুল আজিজ, শামীম, নজরুল ইসলাম, বাহার, সুর্বনা মজুমদারসহ আরো অনেকে। নাটকটির সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী এবং কণ্ঠ দিয়েছেন কমল।
