তাপপ্রবাহে পশ্চিমের জেলাগুলোতে জনজীবন বিপর্যস্ত

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৭:৪৬

তাপপ্রবাহে পুড়ছে পশ্চিমের জেলাগুলো। দুপুরে চড়া রোদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বৃষ্টির কোনো সম্ভবনা দেখা যাচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়তে থাকে। জেলাগুলো হচ্ছে যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।  

এদিকে শহরগুলোতে ঈদ মার্কেট জমজমাট চলছে। গরম উপেক্ষা করে মানুষ কেনাকাটা করছে। ঘামে ভিজে যাচ্ছে জামাকাপড়। তবে দুপুরে রাস্তায় মানুষ চলাচল একেবারেই কম। ধানকাটা শ্রমিকরা দুপুরে মাঠে কাজ করতে পারছেন না।  

ভ্যানচালক মশিউর রহমান বলেন, দুপুরে তপ্ত হাওয়ায় রাস্তায় নামা যাচ্ছে না। রোজাদার মানুষরা বেশি কষ্ট পাচ্ছেন। তীব্র খরায় ঝিনাইদহের শৈলকুপায় ভূ-গর্ভস্হ পানির স্তর নিচে নেমে গেছে। ফলে প্রায় ৫০ হাজার হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। খাবার ও সেচের পানির অভাব দেখা দিয়েছে। 

ঢাকা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর পশ্চিমা বায়ু জোরদার থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বইছে। এ অবস্থা আরো কয়েক দিন চলবে। বুধবার দুপুর আড়াইটায় ঝিনাইদহে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।  

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. সামাদুল হক বলেন, বুধবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

ইত্তেফাক/এআই